


“মশা মারুন, জীবন বাঁচান — জমে থাকা পানি তিন দিনের বেশি নয়। পরিচ্ছন্নতা শুরু হোক নিজের ঘর থেকে, এবং ডেঙ্গু হোক আমাদের সকলের শত্রু” — এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ডেঙ্গু মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ডোমার উপজেলা পরিষদ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে ডোমার পৌর প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত ফেলে দিতে হবে।” তিনি আরও জানান, ২৯ জুলাই থেকে শুরু হয়ে এই কর্মসূচি মাসব্যাপী পৌর এলাকায় চলবে।