


জলবায়ু পরিবর্তন ও সচেতনতা কর্মসূচি উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ‘বিপন্ন বসুন্ধরা’ নামের দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় শহরের কয়ানিজপাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির চত্বরে প্রাত্যহিক সমাবেশ শেষে দেয়ালিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এটির মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।
এ সময় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই দেয়ালিকা প্রকাশের আয়োজনে প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণির অনেক শিক্ষার্থী লেখা দেন। এর মধ্যে ১৫ জন শিক্ষার্থীর লেখা দেয়ালিকায় স্থান পেয়েছে।
‘বিপন্ন বসুন্ধরা ’ সম্পাদনা করেছে প্রতিষ্ঠানের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মালিহা মেহজাবিন। আর এর সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবীর দুলাল ও সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাস। দেয়ালিকাটির অলংকরণ সহযোগী হিসেবে ছিল মেহজাবিন, মেঘলা, সানজিদা ও জেমি।
সম্পাদক মালিহা মেহজাবিন জানায়, শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে এমন আয়োজন। আগামীতে এ ধরনের প্রকাশনার কাজ বৃহৎ পরিসরে করা হবে।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল শিক্ষার্থীদের এ উদ্যোগকে খুবই আশাব্যঞ্জক উল্লেখ করে প্রকাশনার সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিপন্ন বসুন্ধরা মতো আয়োজন বর্তমান প্রজন্মকে জলবায়ু পরিবর্তনে সচেতনতা সৃষ্টির পাশাপাশি লেখালেখির প্রতি উৎসাহিত করবে এবং সৃজনশীল কাজে অনুপ্রেরণা জোগাবে।