


রংপুরের তারাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি গঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৭ টায় ভোট গণনা শেষে সিরাজুল ইসলামকে সভাপতি ও মেহেদী হাসান শিপুকে সাধারণ সম্পাদক এবং মাহবুবার রহমান ও কোবায়েদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
জানা গেছে, শনিবার তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল এন্ড কলেজ মাঠে দলটির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক পদে ৩ জন করে মোট আটজন প্রার্থী অংশ নেন।
সম্মেলন ঘিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সদস্য এডভোকেট আফতাব উদ্দিন।
পরে কাউন্সিলে অংশ নেয়া প্রার্থীদের মার্কায় ৩৫৫ জনের মধ্যে ৩৫৩ জন ভোটার ভোট দেন। বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। শান্ত পরিবেশে প্রশাসনের সহায়তায় পরে রাত সাড়ে ৭ টার দিকে ফলাফল ঘোষণা হয়।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ১৮২ ভোট পেয়ে সিরাজুল ইসলাম নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্বন্দী অ্যাডভোকেট মাকদুম আলম পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন মেহেদী হাসান শিপু, নিকটতম প্রতিদ্বন্দী গোলাম কিবরিয়া পেয়েছেন ১১৬ ভোট। মাহবুবার রহমান পেয়েছেন ২১৮ ভোট নিকটতম প্রতিদ্বন্দী কোবায়েদ হোসেন ১৯০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সোনাউল্লাহ সরকার পেয়েছেন ১৫৫ ভোট।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু বলেন, দীর্ঘ ১০ বছর পর নেতাকর্মীরা সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন। এতে তৃণমূলের মধ্যে নতুন করে প্রাণ চঞ্চল্য ফিরে এসেছে। এতে সাংগঠনিক গতিও বাড়বে।
সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আজ আমাদের প্রবীণদের নেতৃত্ব দেয়ার দিন এসেছে। সরকার গঠন হলে দেশের সকল অন্যায় ও উন্নয়নে আমরা অংশীদার হয়ে থাকবো।