


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ও পৌর শাখার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের বিমানবন্দর সড়কের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের মিলনায়তনে দিনব্যাপী ওই সভার আয়োজন করা হয়। আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিসহ ধানের শীষের পক্ষে এক সঙ্গে কাজ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান। এতে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক এস এম মামুন হাশেমী দীপু।
সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ ইকবাল আরমান, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এ্যাডভোকেট জয়নুল আবেদীন, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদ খান, আরজু আনসারী, এ্যাডভোকট এম এ মাহি, তহিদুল ইসলাম উপজেলা, আহমেদ আলী হৃদয়, মামুনুর রশীদ সবুজ, বাবুল হোসেন নানক, এ্যাডভোকেট জাহিদ হাসান, উজ্জল সরদার, মো. ইব্রাহিম, শ্রী রবীন্দ্রনাথ রবিন প্রমুখ।
কর্মী সভায় বক্তারা বলেন, আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। তারা বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের সে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে। বক্তারা বলেন, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র পুরুদ্ধার না হওয়া পর্যন্ত অদৃশ্য শক্তি সহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও অগ্রগতির মার্কা ধানের শীষের পক্ষে কথা বলতে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।
তারা বলেন, আপনারা যেভাবে আজকের কর্মী সভা সফল করেছেন, ঠিক সেভাবে আগামি নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে এক সঙ্গে কাজ করতে হবে। বক্তারা বলেন, বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। আগামিতে উপজেলা ও পৌর কমিটিতে যারাই আসবে, তাদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে দলের জন্য কাজ করার আহবান জানান তারা।