


নীলফামারীর সৈয়দপুরে শিশু শিক্ষার্থীকে (১০) ধর্ষণের ঘটনায় জড়িত মোকছেদ আলী প্রামানিককে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) উপজেলা নাগরিক প্লাটফর্ম এর ব্যানারে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টা থেকে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে উপজেলা নাগরিক প্লাটফর্মের সদস্য-সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক নানা বয়সী নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক মো. শফিকুল আলম, সদস্য রুমানা বেগম, কৃষ্ণা বাসফোর, শিক্ষিকা হাসিনা বাণু, মো. পারভেজ, মায়া খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের আজ প্রায় সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। অথচ সৈয়দপুর থানা পুলিশ অদ্যাবধি শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করতে পারেননি। তারা (বক্তারা) অবিলম্বে শিশু শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত মোকছেদ আলী প্রামানিককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শেরে বাংলা সড়ক প্রদক্ষিণ করে। প্রসঙ্গত, গত ২৯ আগস্ট সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী তহশীলদারপাড়ার শিশু শিক্ষার্থীকে (১০) সহপাঠিদের সঙ্গে খেলায়রত থাকাকালীন অবস্থায় প্রতিবেশি মোকছেদ আলী প্রামানিক কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতা শিশুটির বাবা নিজে বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন।