


নীলফামারীর সয়ৈদপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) “প্রটেকশন সিস্টেম ফর রিল্যায়্যাবল এন্ড সাসটেইনয়্যাবল পাওয়ার সেক্টর ইন বাংলাদেশ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগ কর্তৃক ওই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার লে. কর্নেল মো. শামীম রেজা, পিএইচডি। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের বিভাগীয় প্রধান ড. রুবিনা আক্তার এবং সঞ্চালনায় ছিলেন একই বিভাগের শিক্ষার্থী মো. রায়হান ফয়জুল।
সেমিনারে কি- নোট স্পিকার ছিলেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর সাব-ডিভিশনার ইঞ্জিনিয়ার মো. নাফিজ ইমতিয়াজ। তিনি তাঁর উপস্থাপনায় বিদ্যুৎ ব্যবস্থার নিরবচ্ছিন্ন সরবরাহ ও টেকসই উন্নয়নের জন্য আধুনিক প্রটেকশন সিস্টেমের ভূমিকা তুলে ধরেন। আলোচনায় তিনি গ্রিড সিস্টেমে ফল্ট শনাক্তকরণ, সঠিক সময়ে বিচ্ছিন্নকরণ , রিলে ও সার্কিট ব্রেকারের কার্যপ্রণালী, এবং সিস্টেম স্ট্যাবিলিটি বজায় রাখার কৌশলসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার পাথ বিষয়েও আলোকপাত করেন। এ সময় তিনি উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, আইইএলটিএস/পিটিই/জিআরই, স্কলারশিপ সুযোগ, এবং পাওয়ার সেক্টরসহ টেলিকম, ফার্মাসিউটিক্যালস, ম্যানুফ্যাকচারিং ও ফ্রিল্যান্সিং ক্ষেত্রের ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
সেমিনারের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লে. কর্নেল (অবঃ) মো. শামীম রেজা, পিএইচডি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা উদ্ভাবনী চিন্তা, নতুন আইডিয়া এবং গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ভবিষ্যতের প্রকৌশলী ও নেতা হিসেবে তারা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে স্মার্ট পাওয়ার সিস্টেম গড়ে তুলতে সক্ষম হবে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলা এবং নতুন সম্ভাবনাকে কাজে লাগানোই তাদের প্রধান দায়িত্ব।
সেমিনারে অংশগ্রহণকারীরা বাংলাদেশ বিদ্যূৎ খাতের বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা উল্লেখ করেন যে, নির্ভরযোগ্য প্রটেকশন সিস্টেম বিদ্যূৎ সরবরাহে ধারাবাহিকতা বজায় রাখা, যন্ত্রপাতি সুরক্ষা এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ তরুণ প্রকৌশলীদের টেকসই বিদ্যুৎ ব্যবস্থাপনা ও উন্নয়নে অনুপ্রাণিত করবে বলে সবাই আশা প্রকাশ করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সেমিনারের শেষে কি- নোট স্পিকার প্রকৌশলী মো. নাফিজ ইমতিয়াজের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।