


নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।এরআগে সোমবার ভোরে রংপুর নগরীর লালকুঠি ধাপ এলাকার একটি ভাড়া বাসা থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে নীলফামারী থানা পুলিশ।
শাহিদ মাহমুদ নীলফামারী জেলা শহরের থানাপাড়া এলাকার মৃত. আজিম উদ্দিনের ছেলে।নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, শাহিদ মাহমুদের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এ্যাডভোকেট আজিম হোসেন জানান, আদালতে আসামীর জামিন আবেদন করা হলে বিজ্ঞ বিচারক মোশাররফ হোসেন জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এপিপি বলেন, শাহিদ মাহমুদকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম বাবলার দায়ের করা ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত গেল বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন শাহিদ মাহমুদ।