


নীলফামারীতে আন্তঃউপজেলা সেপাক-টাকরো প্রতিযোগিতায় মেয়েদের খেলায় ডিমলা উপজেলা ও ছেলেদের খেলায় সৈয়দপুর উপজেলা চ্যাম্পিয়ান হয়েছে। শনিবার নীলফামারী টেনিস মাঠে খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, সেপাক-টাকরো বাংলাদেশ জাতীয় মহিলা টিমের কোচ ববিতা রানী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আসিফ ইকবাল মাহমুদ ও ফেরদৌস আলম এবং নীলফামারী জেলা হকি দলের কোচ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এরআগে বেলুন উড়িয়ে সেপাক-টাকরো প্রতিযোগিতা এবং মাসব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ঘিরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বলেন, জাতীয় পর্যায়ে সেপাক-টাকরো প্রতিযোগিতায় অংশ নেবে নীলফামারী জেলা দল। আগামী ২৩অক্টোবর শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা। নীলফামারী জেলা হকি দলের কোচ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, এই প্রথম নীলফামারীতে হকি খেলার কার্যক্রম শুরু হচ্ছে। মাসব্যাপী প্রশিক্ষণে ৪০জন অংশ নিচ্ছেন। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।