


নীলফামারীর সৈয়দপুরে জাকের পার্টির র্যালি ও সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে উপজেলার বাঙালিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদ্রাসা মাঠে জাকের পার্টি বাঙ্গালীপুর ইউনিয়ন শাখার আয়োজনে ওই জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির নীলফামারী-২ সাংগঠনিক জেলা সভাপতি ও উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী।
জাকের পার্টি বাঙ্গালীপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. মোখছেদুল সোনার মুকুলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টি দিনাজপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মজিবুল হক, নীলফামারী সাংগঠনিক জেলার সাবেক সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, জেলা দপ্তর সম্পাদক শাহজাহান সিরাজ, নীলফামারী জেলা যুব ওলামা ফ্রন্টের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের রশিদুল ইসলাম, রংপুরের বদরগঞ্জ উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি লানচু হাসান চৌধুরী বলেন, জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদীর নির্দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা সাংগঠনিক জনসভা ও র্যালি কর্মসূচি পালন করে আসছি। দেশে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। এক পক্ষ চাইছেন পিআর পদ্ধতি আর অপর পক্ষের দাবি আগে থেকে হয়ে আসা প্রচলিত নিয়মে নির্বাচন। ফলে নির্বাচন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। আওয়ামী লীগের আমলে কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। ফলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশবাসী অবাধ ও নির্ভয়ে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে সে নির্বাচনে জাকের পার্টি অবশ্যই অংশ নিবে। এজন্য এখন থেকে দলের প্রচারণা চালানোসহ অন্যান্য সকল প্রস্তুতি নেয়ার জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। জাকের পার্টি রাজনীতি করে দেশ ও জনগণের জন্য। তাই সব সময়ই শান্তির পক্ষে থাকা জাকের পার্টির পতাকাতলে আসতে সৈয়দপুরবাসীর প্রতি আহ্বান জানান।
জনসভা শেষে প্রধান অতিথি লানচু হাসান চৌধুরীর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে চৌমুহনী বাজারের সড়ক প্রদক্ষিণ করে। এতে জাকের পার্টির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নেও অনুরূপ কর্মসূচি পালন করার মাধ্যমে মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান জাকের পার্টির নীলফামারী-২ সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী।