


নীলফামারীতে কসাইদের পরিচয় পত্র প্রদান এবং একই দামে মাংস বিক্রি, ও মাংস বিক্রির প্রচার বন্ধে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে শহরের কসাইদের নিয়ে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম সভায় স্বাগত বক্তব্য দেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নীলফামারীর নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাশিদুল ইসলাম সভায় বক্তব্য দেন।
এতে জানানো হয় মাংসের জন্য অবশ্যই সুস্থ-সবল গরু এবং ইমাম ও প্রাণী সম্পদ চিকিৎসকের উপস্থিতিতে জবাই নিশ্চিত করতে হবে। এছাড়া নির্দিষ্ট স্থান ব্যতিরেকে অন্য কোথাও গরু জবাই করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে বলে জানানো হয়। নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম বলেন, অল্প কিছুদিনের মধ্যেই কসাইখানা প্রস্তুত হচ্ছে। এখানে অন্তত ২৫টি গরু একসাথে জবাই করা যাবে।
নিয়ম অনুসারে গরু জবাই করে মাংস বিক্রি করতে হবে শহরের দোকানে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আমরা নিয়মের মধ্যে থাকতে চাই। যত্রতত্র গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে। এটি বন্ধ করতে হবে। আমরা কসাইদের পরিচয়পত্র দেবো এবং চিকিৎসক সার্টিফাইড মাংস বিক্রি নিশ্চিত করতে চাই ভোক্তাদের জন্য। বলেন, মাংস বিক্রির জন্য মাইকিং করা হয়, এটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।