1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ জন দেখেছেন

যুব এশিয়া কাপে শিরোপা ধরে রাখার মিশনে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বড় রান তাড়া করতে নেমে দুই ওপেনারের জোড়া ফিফটিতে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। সেখানে দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন আজিজুল হাকিম তামিম। তাতে ৭ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান করে আফগানিস্তান অনূর্ধে-১৯ দল। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।

দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ৪৫ বলে ফিফটি করেন জাওয়াদ। ফিফটির পরও দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন এই ওপেনার। তবে কাছাকাছি গিয়েও মাইলফলক ছুঁতে পারেননি। ৯৬ রান করে ফিরেছেন।

আরেক ওপেনার রিফাত ফিফটি করেন ৬০ বলে। সবমিলিয়ে ৬৮ বলে করেছেন ৬২ রান। তার বিদায়ে ভাঙে ১৫০ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন আজিজুল হাকিম তামিম। ৪৮ বলে ৪৭ রান করেন তিনি। তবে তামিমের বিদায়ের পর সামিউন বশির, মোহাম্মদ আব্দুল্লাহরা দ্রুত ফিরলে জয় নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে শেষ দিকে রিজান হোসেন ও শেখ পারভেজ জীবনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের দলের জয় নিশ্চিত হয়।

এর আগে দলীয় ১৬ রানে আফগানিস্তানের ওপেনার খালিদ আহমদজাইকে (৩) ফেরান সাদ ইসলাম। আরেক ওপেনার ওসমান সাদাত ৬৬ রানের জুটি গড়েন ফয়সালকে সঙ্গে নিয়ে। সামিউন বসিরের বলে ৩৪ রান করে বোল্ড হন সাদাত। এরপর ফয়সাল ও উজাইরউল্লাহ মিলে গড়েন ৯৩ রানের জুটি। ফয়সাল ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করে আউট হয়েছেন ইকবাল হোসেন ইমনের বলে। এরপর নিয়মিত বিরতিতে ফিরেছেন আফগানিস্তানের ৪ ব্যাটার।

অধিনায়ক মাহবুব খান ১৩, উজাইরউল্লাহ ৪৪, খাতির স্টানিকজাই ১১ ও রুহুল্লাহ আরব (০) দ্রুত ফিরলে আফগানরা বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে। সেখান থেকে আজিজউল্লাহ মিয়াখিল ও আব্দুল আজিজ দ্রুতগতিতে রান তুলে ২৮৩ রানের লড়াকু সংগ্রহ এনে দেন আফগানদের। মিয়াখিল ৩৮ ও আজিজ ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে এবং সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট শিকার করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )