


রংপুর নগরীর অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র কেন্দ্রীয় সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সে (সমবায় মার্কেট) মোবাইল ফোন কেনাবেচার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নবগঠিত ‘মোবাইল ব্যবসায়ী সমিতি, রংপুর’-এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৭ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে ৭ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। কমিটিতে মোঃ শরীফুজ্জামান সভাপতি এবং আবিদ নাফিস ফুয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মোঃ শরীফুজ্জামান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একটি প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করছিলাম, যাতে মার্কেটের সকল মোবাইল ব্যবসায়ীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা যায়। সাধারণ ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সবার সহযোগিতা নিয়ে মার্কেটে একটি সুন্দর ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলব।”
সাধারণ সম্পাদক আবিদ নাফিস ফুয়াদ তাঁর বক্তব্যে বলেন, “অতীতে বিভিন্ন সময় মৌখিক কমিটি হলেও তার স্থায়িত্ব ছিল না। এবার আমরা নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেয়েছি। আমাদের প্রধান লক্ষ্য হবে মার্কেটের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করা এবং ক্রেতা সমাগম বৃদ্ধির মাধ্যমে ব্যবসার প্রসার ঘটানো।”
শপথ গ্রহণ অনুষ্ঠানে কমিটির অন্য সদস্যরাও ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং মার্কেটের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ ব্যবসায়ীরা নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানান এবং আশা প্রকাশ করেন যে, এই সমিতির মাধ্যমে সমবায় মার্কেটের মোবাইল ব্যবসার নতুন দিগন্ত উন্মোচিত হবে।