“গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে বিকেলে গাড়িটি নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মাঠে পৌঁছায়।
সন্ধ্যা ৬টায় স্থানীয় জনগণের অংশগ্রহণে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। আয়োজকেরা জানান, এই কার্যক্রম কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা প্রার্থীর প্রচারণা নয়; বরং গণভোট কী, কেন প্রয়োজন এবং দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরিই এর মূল উদ্দেশ্য।
ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাইযোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএর মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চনার ইতিহাস তুলে ধরা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে বাস্তব ও ঐতিহাসিক ধারণা লাভ করছেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, ডোমার থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ, নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।