


ধারাবাহিক কর্মসুচির অংশ হিসেবে শনিবার দুপুরে (১৮জানুয়ারী) শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
জেলা শহরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন নীলসাগর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পরিবহন বিভাগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছমির উদ্দিন স্কুল ও কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক।
মুখ্য আলোচক হিসেবে ছিলেন শিল্প উন্নয়ন প্রতিষ্ঠান নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন।
বক্তব্য দেন পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বাদল, টুপামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল ওহাব, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী, অধ্যক্ষ আব্দুল আজিজ। সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী জানান, শিক্ষার মানোন্নয়নে ভালো শিক্ষক, কার্যকর ব্যবস্থাপনা কমিটি এবং যোগ্য নেতৃত্ব দরকার। এজন্য যোগ্য নেতাকে জাতীয় সংসদে পাঠানো প্রয়োজন।
বলেন, আমাদের ভাবতে হবে শিক্ষাই জাতির মেরুদন্ড। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে গুনগত মানস্মত শিক্ষাঙ্গন তৈরি করতে হবে। এই আসনে বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা এবার ভালো যোগ্য এবং উন্নয়নের কান্ডারী হিসেবে তাকে পেয়েছি। তিনি এলাকার আমুল পরিবর্তন ঘটাতে পারেন। তবে তাকে সংসদে পাঠানোর দায়িত্ব আমাদের। এই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে।
মুখ্য আলোচক হিসেবে প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেন, একটি দেশকে যদি ধ্বংস করতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেই যথেষ্ট। বলেন, সারাবিশ্ব আজ যুদ্ধ করছে মেধা দিয়ে। এখন এআই’র যুগ, প্রযুক্তির যুগ। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রথমে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। আর এর মুল কারিগর হলে শিক্ষকরা। বলেন, আমাদের ভাববার সময় এসেছে। আমাদের দেশে মানুষ আছে। তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। আর এগুলো করতে হবে শিক্ষকদেরই মাধ্যমে।
মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-০২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। একজন শিক্ষকের সন্তান আমি। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আমার ব্যাপক পরিকল্পনা রয়েছে। দেশকে উন্নয়নের সিঁিড়তে উঠাতে হলে শিক্ষাকে যুগোপযোগী করে তুলতে হবে। শিক্ষকদের মানোন্নয়ন ঘটাতে হবে। শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে হবে তথা সিস্টেম পরিবর্তন করতে হবে।
বলেন, নীলফামারীকে অনেকদুর নিয়ে যেতে হবে। নীলফামারীর জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। মতবিনিময় সভায় নীলফামারী সদর উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা এতে অংশ নেন। প্রসঙ্গত নীলফামারীর উন্নয়নে উন্নয়ন মঞ্চের ব্যানারে গেল কয়েকদিন ধরে সদরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।