


রংপুরে অসহায়, দুস্থ ও হতদরিদ্র তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সীমান্ত ব্যাংকের রংপুর শাখা কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্ত ব্যাংক পিএলসি রংপুর শাখা ব্যবস্থাপক মো. নুর এ এলাহী। এ সময় সীমান্ত ব্যাংক পিএলসি রংপুর শাখার প্রিন্সিপাল অফিসার এ. এন. এম সাইফুল্লাহ, সিনিয়র অফিসার মো. নুর ই আলম সিদ্দিক, সিনিয়র অফিসার সোহেল রানা, অফিসার মো. আমিনুল ইসলাম, সংগঠক ও সমাজকর্মী ইসমাইল হোসেন প্রিন্স, ব্যাংক গ্রাহক ও সিটি অটোর স্বত্ত্বাধিকারী মোকলেছুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সীমান্ত ব্যাংক পিএলসি রংপুর শাখা ব্যবস্থাপক মো. নুর এ এলাহী জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুুরের অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব কম্বল প্রদান করেছে।
এদিকে, রংপুর নগরীর বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ, এতিম, দিনমজুর, শ্রমিক, চালক, নৈশ্যপ্রহরী, ভবঘুরে ও পথশিশুসহ বিভিন্ন পেশার তিন শতাধিকের বেশি মানুষ এসব কম্বল পেয়ে অত্যন্ত আনন্দিত হন। শীতের শেষলগ্নে এই উপহার তাদের উষ্ণতা ও স্বস্তি দিয়েছে, যা তাদের অনেক কষ্টের লাঘব করেছে। অসহায় এসব মানুষজন নতুন কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন।