1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাবার পথ ধরে সংসদে, ঠাঁই পেয়েছেন মন্ত্রিসভায় | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

বাবার পথ ধরে সংসদে, ঠাঁই পেয়েছেন মন্ত্রিসভায়

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ জন দেখেছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বিএনপি ও তার মিত্র দলগুলো। মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এবারের মন্ত্রিসভায় এক অনন্য নজির সৃষ্টি হয়েছে- পিতৃস্মৃতি ও আদর্শকে ধারণ করে রাজনীতির মাঠে নামা অন্তত সাতজন তরুণ নেতা বাবার দেখানো পথেই ঠাঁই করে নিয়েছেন বিএনপির নতুন সরকারের মন্ত্রিসভায়।  প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এই সাতজনই তরুণ রাজনীতিক, যারা নিজ নিজ এলাকায় জনপ্রিয়তার প্রমাণ দিয়ে এবারই প্রথম, কেউ আবার পুনর্নির্বাচিত হয়ে সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পেলেন।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অভিজ্ঞ বাবার সন্তানদের এই মন্ত্রিসভায় অন্তর্ভুক্তকরণ দলের ভেতরে তারুণ্য ও অভিজ্ঞতার এক চমৎকার সমন্বয় ঘটাবে। পিতৃপুরুষের আদর্শ ধারণ করে এই তরুণ মন্ত্রীরা দেশের উন্নয়নে কতটুকু ভূমিকা রাখতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।

যশোরে বিজয়ী হয়ে পুরষ্কৃত হলেন তরিকুলপুত্র অনিন্দ্য
যশোর-৩ (সদর) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রতিমন্ত্রী হয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও অভিজ্ঞ রাজনীতিবিদ প্রয়াত তরিকুল ইসলামের ছেলে। বাবার শূন্যস্থানে হাল ধরে অমিত এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরাসরি মন্ত্রিসভায় জায়গা করে নিলেন।

ঢাকার মাঠে ইশরাক হোসেনের চমক
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন এবার ঢাকা-৬ আসন থেকে জয়ী হয়েছেন। ২৩ হাজার ১৫৩ ভোটের ব্যবধানে জয়ী ইশরাক তার বাবার মতোই জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন।

নাটোরে পুতুলের অভিষেক
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হয়েছেন ফারজানা শারমিন পুতুল। তিনি সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের সুযোগ্য কন্যা। বাবার জনপ্রিয়তাকে পুঁজি করে প্রথম নির্বাচনেই তিনি বাজিমাত করেছেন।

চট্টগ্রামের মীর হেলালের নতুন যাত্রা
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর হেলাল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি এবার সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হলেন।

ফরিদপুরে শামা ওবায়েদের জয়জয়কার
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসন থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন শামা ওবায়েদ ইসলাম। ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে জেতা শামা ওবায়েদ মূলত তার বাবা, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী প্রয়াত কেএম ওবায়দুর রহমানের রাজনৈতিক উত্তরসূরি।

মানিকগঞ্জে নতুন ইতিহাস আফরোজা রিতার
মানিকগঞ্জ-৩ আসন থেকে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে ইতিহাস গড়েছেন আফরোজা খানম (রিতা)। স্বাধীনতার পর এই আসনে তিনিই প্রথম নারী সংসদ সদস্য এবং সরাসরি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিশিষ্ট শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে আফরোজা রিতা মানিকগঞ্জ জেলা বিএনপির হাল ধরেছেন শক্ত হাতে।

ইয়াসের খান চৌধুরীর ধারাবাহিকতা
মানিকগঞ্জ-৯ আসন থেকে জয়ী হওয়া ইয়াসের খান চৌধুরীও স্থান পেয়েছেন প্রতিমন্ত্রীর তালিকায়। তার বাবা মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরী ও চাচা খুররম খান চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য বহন করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )