1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সুবিধা বঞ্চিত শিশুরা পেল এক টাকায় ঈদের নতুন জামা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সৈয়দপুরে সুবিধা বঞ্চিত শিশুরা পেল এক টাকায় ঈদের নতুন জামা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৮ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে একটি অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এক টাকার বিনিময়ে ঈদের নতুন পোশাক বিক্রি করা হয়েছে। মূলতঃ সমাজের সুবিধা বঞ্চিত  শিশুদের ঈদের আনন্দে শামিল করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। সংগঠনটির সদস্যদের উদ্যোগে শহরের গোলাহাট এলাকায় বসানো হয় এই ব্যতিক্রমী এক টাকার দোকানটি। সেখানে নতুন ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্টসহ শিশুদের নানা ধরনের পোশাক সাজিয়ে রাখা হয়েছে। আর ছোট ছোট শিশুরা এসে এক টাকার বিনিময়ে পছন্দের জামা কাপড় নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরছেন। এমন দৃশ্য দেখা যায় শনিবার (১৪ মার্চ) সকালে নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রাসার মাঠে সামিয়ানা  দিয়ে বানানো একটি ছোট্ট অস্থায়ী দোকান বসানো হয়েছে। দোকানের সামনে বড় একটি ব্যানারে লেখা এক টাকায় ঈদের নতুন জামা। আর দোকানের ভেতরে কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবক। দোকানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে নতুন ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্টসহ শিশুদের নানা ধরনের পোশাক। দোকানের সামনে তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শতাধিক শিশু-কিশোর। তারা সকলের হাতে শক্ত করে ধরে রেখেছে এক টাকার কয়েন কিংবা কাগজের নোট। তাদের  চোখে-মুখে  আনন্দ উচ্ছ¡াস। তারা এক টাকায় কিনবে ঈদের নতুন জামা। আগত শিশুদের সঙ্গে হাসি মুখে কথা বলছেন দোকানের ভেতরে থাকা স্বেচ্ছাসেবকরা। তারা শিশুদের তাদের পছন্দের পোশাক দেখাচ্ছেন, আবার সাইজ মিলিয়ে দিচ্ছেন। তারপর শিশুদের হাত থেকে এক টাকা নিয়ে তুলে দিচ্ছেন নতুন জামা, ফ্রক, পাঞ্জাবি, শার্ট কিংবা প্যান্ট। নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের মুখে তখন খুশির ঝিলিক। এভাবে মাত্র এক টাকার বিনিময়ে ঈদের নতুন  পোশাক  পেয়ে আনন্দে মেতে উঠে সৈয়দপুরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু।

 

শহরের  গোলাহাট এলাকার শিশু রেহান (১০) ও আকাশির (৮) সঙ্গে কথা হলে তারা জানায়, তারা গরীব পরিবারে সন্তান। তাদের পরিবারের আর্থিক কষ্টের কারণে ঈদের সময় নতুন কাপড় কেনা অনেক সময় সম্ভব হয় না। এখানে এক টাকায় নতুন জামা  দেয়া হচ্ছে শুনেই তারা ছুঁটে আসে। এ সময় ছোট শিশু আকাশি হাসি মুখে জানায়, আমি নিজের পছন্দের একটা ফ্রক নিয়েছি। খুব সুন্দর লাগছে। ঈদের দিন এটা পরবো।
মাত্র এক টাকায় নতুন পোশাক হাতে পেয়ে মহাখুশি অসহায় শিশু সাবিনা (১২) ও কৌশিক (৮)। তাদের দু’জনেরই বাবা নেই। মা অন্যের বাসায় ঝিয়ের কাজ করে সংসার চালান। এখনো তাদের জন্য নতুন জামা কিনে দিতে পারেন নি তাঁর মা।
সাবিনা জানায়, আমার মা বলেছিলেন হয়তো এবার নতুন জামা হবে না। কিন্তু এখানে এসে এক টাকায় নতুন জামা পেলাম। খুব ভালো লাগছে।  কৌশিকও নতুন জামা হাতে নিয়ে উচ্ছ¡সিত কণ্ঠে বলে, এবার ঈদে নতুন জামা পরে ঘুরতে পারবো।
সংগঠনের সদস্য মিথুন, সামিউল, রাজা, রাব্বি, রকি জানান, সমাজে অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা প্রায় সব উৎসবেই বঞ্চিত থাকে। ঈদের সময় নতুন জামা তাদের কাছে অনেক বড় স্বপ্নের মতো।

সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, শিশুরা সব সময়ই ঈদের দিনে নতুন জামা পরতে চায়। কিন্তু দারিদ্র্যের কারণে অনেক দরিদ্র পরিবারের শিশুর সেই ইচ্ছা কিংবা স্বপ্ন অপূর্ণ থেকে যায়। আর সেই ইচ্ছে কিংবা স্বপ্ন পূরণে মানবিকতার হাত বাড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। আমাদের সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে শুধুমাত্র সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই উদ্যোগ গ্রহন করেছেন। মূলতঃ যে সব শিশুদের ঈদের নতুন জামা কেনার সামর্থ্য নেই, তারা এখানে এসে মাত্র এক টাকার বিনিময়ে নিজের পছন্দের পোশাক নিতে পারছে। তিনি আরও জানান, শুধু পোশাক নয় পর্যায়ক্রমে অসহায় মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস এবং সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম ঈদের চাঁদ রাত পর্যন্ত চলবে।
উল্লেখ্য, প্রতি বছরই ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা, সালামি এবং দরিদ্র মানুষের জন্য শাড়ি, লুঙ্গি, থ্রি-পিসসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে ‘আমাদের প্রিয়  সৈয়দপুর’ সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )