


নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে হঠাৎ শুরু হওয়া এই শিলাবৃষ্টিতে সাময়িক দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টির কারণে উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানক্ষেত, ভুট্টা, মরিচ, কলা বাগান, আখ, বেগুনসহ নানা শাক-সবজি মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। অনেক স্থানে জমির ফসল মাটিতে লুটিয়ে পড়ে গেছে। এদিকে, ঝোড়ো বাতাসসহ শিলাবৃষ্টির তীব্রতায় বহু বসতবাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে।
রাতের অন্ধকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার চরম ভোগান্তিতে পড়ে। শুধু বসতবাড়িই নয়, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, গত পাঁচ থেকে সাত বছরের মধ্যে এত তীব্র শিলাবৃষ্টি তারা দেখেননি। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে তারা হতভম্ব হয়ে পড়েছেন।
তবে এখনো সরকারি কোনো দপ্তর থেকে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, কিছু ফসল আংশিকভাবে রক্ষা করা সম্ভব হলেও অনেক ক্ষেতের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
তবে দ্রুত সহায়তা না পেলে চরম সংকটে পড়ার আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।