


নীলফামারীর সৈয়দপুরে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করতে এসে আসলাম (৫৮) নামের এক ঝাঁলমুড়ি বিক্রেতা মুসল্লি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দুপুরে শহরের শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের কেন্দ্রীয় জামে মসজিদে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শহরের নতুন বাবুপাড়া এলাকার সিংগিপুকুর মহল্লার বাসিন্দা মো. আসলাম। পেশায় তিনি একজন ঝাঁলমুড়ি বিক্রেতা। ঠেলা গাড়িতে করে শহরে ঘুরে ঘুরে তিনি ঝাঁল মুড়ি বিক্রি করেন। ঘটনার দিন গতকাল শুক্রবার তিনি পবিত্র জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে কেন্দ্রীয় জামে মসজিদে আসেন।
এ সময় মসজিদের ইমাম তথা খতিব জুম্মা নামাজের আগে বয়ান করছিলেন। অন্যান্য মুসল্লির মতো আসলাম খতিবের বয়ান মনোযোগসহ শ্রবল করছিলেন। এর এক পর্যায়ে আকস্মিক অসুস্থ অনুভব করেন তিনি। আর মুসল্লিরা কোন কিছু বুঝে ওঠার আগেই তিনি মসজিদের ভেতরেই ঢলে পড়েন। এ সময় তাঁর পাশে থাকা মুসল্লিরা দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
কিন্তু সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত. ঘোষণা করেন। তাঁর প্রতিবেশী মো. আজম জানান, মৃত. আসলামের দুই ছেলে ও এক মেয়ের সন্তান রয়েছে। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সৎ ও ধর্মপরায়ণ একজন মানুষ।
তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার একজন মানুষ এবং নিয়মিত নামাজ আদায় করতেন । তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে আগের দিনই বাসায় ফেরেন তিনি। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি পবিত্র জুম্মার নামাজে অংশ নিতে মসজিদে আসেন।