


রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ। রংপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদে সরব হয়ে উঠেছে রংপুরের সাংবাদিক সমাজ। রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে অসৌজন্যমূলক আচরণের শিকার হন।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ সফিউর রহমান-এর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত আলী বাদল। সঞ্চালনা করেন আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী।
সমাবেশে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, রংপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহফুজ আলম প্রিন্স, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, তারাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লেবু, বদরগঞ্জ প্রেসক্লাবের সদস্য রিয়াদ ইসলাম, আকাশ রহমান, মোস্তাফিজার রহমান, আশরাফুল আলম আপন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিসিএ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অসৌজন্যমূলক আচরণ শুধু নিন্দনীয়ই নয়, বরং তা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত। তারা আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করেন তাদের প্রতি অসম্মানজনক আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক ঘটনাটি সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে। এ ধরনের আচরণ অব্যাহত থাকলে ভবিষ্যতে সাংবাদিকদের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। তাই দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।