1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চোর চিনে ফেলাই কাল হলো মিলনের | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

চোর চিনে ফেলাই কাল হলো মিলনের

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭ জন দেখেছেন

রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন আমাশু কুকরুল পূর্বপাড়ায় চুরিতে বাধা দেওয়ায় মিলন মিয়া (২৮) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে নৃশংসভাবে জখম করার ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গত ৩ মে দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় ভুক্তভোগীর পিতা মো: দুলাল মিয়া বাদী হয়ে পরশুরাম থানায় চারজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন (মামলা নং-০৪/৩৯)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে মিলন মিয়া তার অসুস্থ বাবার জন্য ওষুধ কিনে বাড়ি ফেরেন। ঘরে ঢুকে তিনি দেখতে পান বিদ্যুৎ থাকলেও তার কক্ষটি অন্ধকার এবং আলমারির তালা ভাঙা। সন্দেহবশত তল্লাশি চালালে খাটের নিচে লুকিয়ে থাকা একই এলাকার মো. ছাদেকুল ইসলামের ছেলে লিমন মিয়াকে (২০) দেখতে পান। চোর শনাক্ত হয়ে যাওয়ায় লিমন টিউবওয়েলের লোহার রড দিয়ে মিলনের মাথায় এলাপাতাড়ি আঘাত করে। এতে মিলনের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বর্তমানে তিনি ১৮টি সেলাই নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত মিলনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে লিমনকে হাতেনাতে আটক করলেও পরে তার অন্য সহযোগীদের হস্তক্ষেপে সে পালিয়ে যেতে সক্ষম হয়। এজাহারে উল্লিখিত অন্য অভিযুক্তরা হলেন— মুসলিম উদ্দিন (৩৫), হোসেন আলী (৩০) এবং ইয়াকুব আলী (৩২)। ঘটনার সময় ঘর থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মামলার প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৩৮২/৩২৫/৩০৭/২২৫ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে চুরি, গুরুত্বর আঘাত এবং হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: শাহাদাত হোসেনকে।

এদিকে মামলার এজাহার দাখিলের সময় থানায় উপস্থিত ছিলেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। তিনি আহত যুবকের চিকিৎসার খোঁজখবর নেন এবং দায়ীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।

পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )