


কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জে পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন, সমাবেশ, প্রতিবাদী মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ (ফারিয়া)। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সুন্দরগঞ্জ উপজেলা ফারিয়া সংগঠনের আয়োজনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিবাদী মিছিল সুন্দরগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ হয়।
শেষে ইউএনও ইফফাত জাহান তুলির হাতে স্মারকলিপি তুলে দেন ফারিয়ার নেতৃবৃন্দ। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দেন ফারিয়ার উপজেলা শাখার সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক মো: লাভলু সরদার, সহ সভাপতি মো: শামীম ইসলাম ও সদস্য মোজাহিদ ইসলামসহ ফারিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালন করেন ফারিয়া সদস্য আহসান হাবীব। এদিকে একই দাবীতে ফারিয়ার বামনডাঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে শিববাড়ী মোড়ে এক প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বামনডাঙ্গা শাখার সভাপতি ও জেলা ফারিয়ার সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম বাবু। এতে বক্তব্য দেন ফারিয়ার কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ও জেলা সভাপতি রবিউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য শাহাদাত হোসেন সাগর, বামনডাঙ্গা ফারিয়ার সাধারণ সম্পাদক পাভেল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম সহ বামনডাঙ্গা ফারিয়ার অন্যান্য সদস্যবৃন্দ। সঞ্চালন করেন নুরুজ্জামান মিয়া। এর আগে একটি প্রতিবাদী মিছিল বামনডাঙ্গা বন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেনটেটিভরা এ দেশের স্বাস্থ্যসেবা খাতের এক অপরিহার্য অংশ। অত্যন্ত পরিতাপের বিষয়, তাঁদের পেশাগত মর্যাদা নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে।
চিকিৎসা প্রতিনিধিরা কোনোভাবেই দালাল নন বরং তাঁরা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার এক দক্ষ কারিগর। তাই এই পেশার রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
তারা আরও বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে সেবাদানকারী এই মানুষগুলোর চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ন্যূনতম মর্যাদা আজ সংকটের মুখে। অনতিবিলম্বে হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেনটেটিভদের কাজ করার পথে সকল বাধা দূর করতে হবে। তানা হলে সারাদেশে ঔষধ সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকিও প্রদান করেন বক্তারা সমাবেশে।
উল্লেখ্য, এর আগে গত ৪ মে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান পরিচালিত হয়। এতে বহু দালালদের সঙ্গে ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভকেও আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, হাসপাতাল ভিজিটের জন্য বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের পরও হাসপাতাল চত্বরে অবস্থান করছিলেন। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাচাই-বাছাই করে তাঁদের ছেড়ে দেন। তারই প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।