


নীলফামারী জেলায় অশ্রমিক দ্বারা গঠিত একটি পরিবহন শ্রমিক সংগঠনের নামে জেলার বিভিন্ন পরিবহন রুট জবর দখল, পরিবহনে জোরপূর্বক চাঁদাবাজি এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রবিবার নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ: ২২০) ব্যানারে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আওতাভূক্ত জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক পরিবহন শ্রমিক অংশ নেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক আব্দুল গণি ইসরাইল, ডিমলা উপকমিটির সহ-সভাপতি মাহবুববার রহমান, জলঢাকা উপকমিটির সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তের পর নীলফামারী জেলায় অশ্রমিকদের নিয়ে নীলফামারী জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রেজি নং-৩৪৪৬) নামে একটি ভুঁইফোঁড় সংগঠন গঠন করা হয়েছে। সংগঠনটি অনুমোদন ছাড়াই বিভিন্ন উপজেলায় উপ-কমিটি গঠন করে পরিবহন শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। পাশাপাশি বিভিন্ন বাস কাউন্টার, স্ট্যান্ড ও রুটে জোরপূর্বক চাঁদা আদায় করছে।
এসবের প্রতিবাদ করলে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। তারা আরও বলেন, বিষয়টি নিয়ে তারা এর আগে একাধিকবার শ্রম পরিচালক, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। সর্বশেষ গত ৩০ মার্চ, ১৭ মে ও ৭ জুলাই পৃথক অভিযোগ দেওয়া হলেও কোন কার্যকরী ব্যবস্থা নেয়া হয়নি। অন্যদিকে, গত ৫ জুলাই নীলফামারীর জলঢাকা উপজেলায় পরিবহনে জোরপূর্বক চাঁদা আদায়কে কেন্দ্র করে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে উপজেলা প্রশাসন, মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বৈঠকে অবৈধভাবে চাঁদা আদায় না করার নির্দেশনা দেয়া হলেও পরবর্তীতে তা অমান্য করে পুনরায় একই কার্যক্রম চালানো হচ্ছে বলে প্রতিবাদ সমাবেশে অভিযোগ করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অশ্রমিক দ্বারা গঠিত নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন নামের সংগঠনের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা না নেয়া হলে আগামীতে বৃহত্তম কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।