1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘চুপচাপ’ বঙ্গভবন ছাড়লেন চুপ্পু | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

‘চুপচাপ’ বঙ্গভবন ছাড়লেন চুপ্পু

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৭ জন দেখেছেন
অনেকটা চুপিসারে কালো কাঁচের গাড়িতে করে বঙ্গভবন ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু। ছিল না কোনো আনুষ্ঠানিকতা লোকচক্ষুর অন্তরালে অনেকটা চুপিচুপি সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজ বাসভবনে গিয়ে উঠলেন সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।

‎অথচ তার আগের রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদায় অনুষ্ঠান ছিল রাজসিক। ফুলে সাজানো ছাদ খোলা গাড়ি করে স্ত্রীসহ হাত নাড়তে নাড়তে বঙ্গভবন ছেড়েছিলেন তিনি। বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে রাজধানীর নিকুঞ্জে নিজ বাসভবনেও পৌঁছেছিলেন। কিন্তু চুপ্পুর বিদায়ে ছিল না ছাদ খোলা গাড়ি বা কোনো শোভাযাত্রা কিংবা কোনো আনুষ্ঠানিকতা। বরং তিনি বঙ্গভবন ছেড়েছেন কড়া নিরাপত্তা এবং কালো গ্লাসে ঢাকা গাড়িতে করে।

‎রোববার (২৬ জুলাই) বেলা ১১টা থেকে সাহাবুদ্দিন চুপ্পুর বিদায় নেওয়ার খবরে বঙ্গভবনের সামনে জড়ো হতে থাকেন গণমাধ্যমকর্মীরা।

2

‎তার বিদায়কে ঘিরে সকাল থেকেই বঙ্গভবন এলাকায় পুলিশ, এসএসএফ এবং সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর লক্ষ্য করা যায়।‎

‎প্রথমে বেলা সাড়ে ১১টায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ত্যাগ করবেন খবর পাওয়া যায়। এরপর ১২টা, সাড়ে ১২টা, সোয়া ১টা এবং ২টাসহ বিভিন্ন তথ্য আসতে থাকে। পরে ২টা ২২ মিনিটে বঙ্গভবনের মূল ফটক দিয়ে বিদায়ী রাষ্ট্রপতির গাড়ি বহর বের হতে দেখা যায়।‎

এসময় বঙ্গভবন থেকে একে একে ১৮টি গাড়ি বেরিয়ে যায়। কোথাও না থেমে কয়েক মুহূর্তের মধ্য গাড়ি বহরটি পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সোজা চলে যায় গুলশানের উদ্দেশে।

‎অনেকে মনে করেছিলেন, গাড়িতে বসে অন্তত হাত নেড়ে বিদায় নেবেন চুপ্পু। কিন্তু তিনি তা করেননি। ফলে ঠিক কোন গাড়িতে করে বঙ্গভবন ছাড়লেন চুপ্পু, তাও বোঝার উপায় ছিল না।‎

‎তাছাড়া কড়া নিরাপত্তা ছাড়া বঙ্গভবনের বাইরে বিদায়ী রাষ্ট্রপতিকে ঘিরে কোনো আনুষ্ঠানিকতাও লক্ষ্য করা যায়নি।‎

3

‎বঙ্গবভবনের সামনে দায়িত্ব পালন করছিলেন পুলিশের এএসপি অমল কান্তি রায়। কথা হলে তিনি বলেন, তারা নিরাপত্তা পরিস্থিতি সাভাবিক রাখতেই কাজ করছেন।‎

‎আন্তর্জাতিক একটি গণমাধ্যমে কাজ করেন হোসাইন তারেক। সাহাবুদ্দিন চুপ্পুর বিদায় কাভার করতে বঙ্গভবনের সামনে ছিলেন তিনি।‎

কথা হলে হোসাইন তারেক বলেন, এটা অনেকটা গোপন বিদায়। কড়া নিরাপত্তা ছিল কিন্তু কোনো আনুষ্ঠানিকতা ছিল না। বিশাল গাড়ি বহর ছিল, তবে তা বিদায়ী রাষ্ট্রপতিকে লুকিয়ে নিয়ে যাওয়ার জন্যই বলে মনে হচ্ছে।

‎তিনি বলেন, এতোদিন গণমাধ্যমকর্মীরা বঙ্গভবনের অনেকটা ভেতর পর্যন্ত গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারতেন। কিন্তু আজ অনেকটা আগে কয়েক ধাপে ব্যারিকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে।‎

 

তারেক আরও বলেন, ব্যারিকেটের কাছেও গণমাধ্যমকর্মীরা ঘেঁষতে পারেননি। বিদায়ী রাষ্ট্রপতি বের হওয়ার ঠিক আগে গণমাধ্যমকর্মীদের অনেক দূরে সরিয়ে দেয় পুলিশ। এতে দূর থেকে সংবাদ সংগ্রহে বাধ্য হন তারা।‎

‎এদিকে বঙ্গভবন ছেড়ে বিদায়ী রাষ্ট্রপতি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠেছেন। তিনি যেকোনো সময় চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন বলে জানা গেছে।

এর আগে ‎গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগের কারণ হিসেবে অসুস্থতাকে উল্লেখ করেন তিনি।‎

‎পদত্যাগপত্র হাতে পাওয়ার পর ওইদিনই সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। একইসঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথাও ঘোষণা করেন স্পিকার।

 

‎‎আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।‎

‎রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সে হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। অর্থাৎ, মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ ছাড়লেন চুপ্পু।‎

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও স্বপদে থেকে গিয়েছিলেন চুপ্পু। ‎পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তিনি রাষ্ট্রপতি হিসেবেই থেকে যান।

পরে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। তারপরও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন চুপ্পু। ফলে রাষ্ট্রপতি হিসেবে তিনটি সরকার পেয়েছেন সাবেক এই সরকারি আমলা।‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )