


নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন ভূমি অফিস চলাকালীন সময়ে ওই অফিসের কর্মচারী শামসুন নাহারের ঘুমানোর দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রওশন কবীর।
সোমবার (৩ আগস্ট) বেলা প্রায় সাড়ে ৩টার দিকে গয়াবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ওই সময় অফিসে উপস্থিত কয়েকজন ব্যক্তি সংশ্লিষ্ট কর্মচারীকে দাপ্তরিক সময়ে ঘুমিয়ে থাকতে দেখেন।
পরে ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এ বিষয়ে গয়াবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু রাইয়ান বলেন, বিকেল ৪টায় উপজেলা অফিসে মিটিং থাকায় আমি সাড়ে ৩টার দিকে অফিস থেকে বের হয়ে যাই। এরপর শামসুন নাহার অফিসে ছিলেন। তিনি কয়েক দিন ধরে অসুস্থতায় ভুগছেন। তবে ঘটনাটি জানার পর ইতোমধ্যেই তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে।
ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, অফিস চলাকালীন সময়ে দায়িত্ব পালনে অবহেলার কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তোর বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, ঘটনার পর সংশ্লিষ্ট কর্মচারীকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তার লিখিত জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, অভিযুক্ত কর্মচারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।