এর আগে রোববার (৯ আগস্ট) ডোমার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এ.কে.এম. আলাউদ্দিনের স্বাক্ষরিত চিঠিতে থানায় এ আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে গরমের সময়ে গ্রাহকদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি জনমনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার প্রয়োজন।
এ কারণে ডোমার জোনাল অফিসের আওতাধীন ডোমার জোনাল অফিস, উপকেন্দ্র-১ (আন্ধারুর মোড়) এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে রাতকালীন সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
ডোমার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এ.কে.এম. আলাউদ্দিন বলেন, “আমাদের অফিস ও সাব-স্টেশনের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা থানায় চিঠি দিয়েছি। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্যই এই আবেদন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ডোমার উপজেলায় আমাদের গ্রাহক ৪২ হাজার ৯৭০ জন। এখানে মোট বিদ্যুতের চাহিদা ১৩ মেগাওয়াট। কিন্তু বর্তমানে আমরা ৭ থেকে ৮ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। এতে করে দিনে ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে।”
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, “সাদা পোশাকে অফিসে পুলিশ সদস্য মোতায়েন আছে। আমাদের টহল অভিযানও অব্যাহত রয়েছে।”