


পঞ্চগড়ের দেবীগঞ্জে কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারকে ‘লাল কার্ড’ দেখিয়ে এসব থেকে দূরে থাকার অঙ্গীকার করে।
সোমবার দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে বিরত থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার শপথ পাঠ করান ইউএনও ইন্দ্রজীত সাহা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক ও কিশোর অপরাধের পাশাপাশি অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত স্মার্টফোন ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা, মানসিক বিকাশ ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তোলার পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।