


নীলফামারীর ডোমারে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ফান্ড থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রমে তাদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।