চোরের দল অল্প সময়ের ব্যবধানে মার্কেটের নিচতলায় থাকা একটি মোবাইল শো-রুমের এবং একটি জুয়েলার্স দোকানের সার্টারের তালা কেটে ভেতরে ঢুকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের মোবাইল ফোন সেট, স্বর্ণ ও রূপার অলংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মার্কেটে নিরাপত্তা কর্মী দায়িত্বরত থাকার পরও সকাল সকাল এমন চুরির ঘটনায় মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো গত সোমবার রাতে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীসহ ইনফিনিক্স মোবাইল শো-রুম ও বিদ্যূৎ জুয়েলার্স দোকানের মালিক ও কর্মচারীরা তাদের নিজ নিজ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় চলে যান। এরপর ঘটনার দিন গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ইনফিনিক্স শোরুমের কর্মচারীরা মার্কেটে এসে শোরুম খুলতে গিয়ে সার্টারের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান।
এতে তাদের মনে সন্দেহের উদ্রেক হয়। পরে তারা ভেতরে ঢুকে দেখেন শো-রুমে শোকেসে কোন মোবাইল ফোন সেট নেই। শো-রুমের মালিক আহাদ বলেন, তাঁর শো-রুমে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় দেড় শতাধিক মোবাইল সেট ছিল। এছাড়া শো-রুমের ক্যাশবাক্সে নগদ কিছু পরিমাণ টাকা রাখা ছিল। সব মিলিয়ে তাঁর শো-রুম থেকে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল চুরি গেছে বলে দাবি করেন তিনি।
অপর চুরি হওয়া বিদ্যুৎ জুয়েলার্সের আসিফ খান টিপু বলেন, সকালে দোকানে এসে তিনি ভেতরের সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। তাঁর দোকানে খুচরা ও পাইকারি রূপার অলংকার বিক্রি করা হয়। সেই সঙ্গে কিছু স্বর্ণের অলংকারও ছিল। চোরেরা রূপার অলংকার ও নগদ টাকা নিয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দিন সকালে সৈয়দপুর প্লাজার প্রথম গেট দিয়ে কয়েকজন মাস্ক পরা যুবক কাঁধে ব্যাগ নিয়ে মার্কেটে প্রবেশ করে। তাদের মধ্যে দুইজন ইনফিনিক্স মোবাইল শো-রুমের সামনে গিয়ে সঙ্গে থাকা ব্যাগ থেকে তালা কাটার সরঞ্জাম বের করে। অন্য দুইজন মূল গেটের অবস্থান নিয়ে পাহারা দিতে থাকে।
পরে তালা কাটার কাঁচি দিয়ে দোকানের সার্টারের তালা কেটে শোরুমে ঢুকে। এর কিছুক্ষণ পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায় তারা। এর ঠিক অল্প সময় পর একই কায়দায় পাশের বিদ্যূৎ জুয়েলার্সেও একই কায়দায় ঢুকে মালামাল নিয়ে সটকে পড়ে চোরেরা।
এদিকে, শহরের শেরে বাংলা সড়কের অত্যাধুনিক সুপার মার্কেট সৈয়দপুর প্লাজায় দুইটি দোকানে চুরির ঘটনা খবর পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা ঘটনাস্থল পরিদর্শনে করেছেন।
তিনি বলেন, আর মার্কেটের নিজস্ব নিরাপত্তা কর্মীরা কর্মরত থাকা অবস্থায় চুরির ঘটনাটি ঘটেছে। আমরা এ চুরির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। আশা করি দ্রæততম সময়ে এ চুরির ঘটনাটি উদঘাটন হবো। তবে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত (রাত পৌণে আটটা) চুরি যাওয়া দোকান মালিকরা থানায় লিখিত কোন অভিযোগ করেননি বলে জানান তিনি।