1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আল্লাহর কাছে মানুষ কেন সম্মানিত, জানুন ১০টি কারণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

আল্লাহর কাছে মানুষ কেন সম্মানিত, জানুন ১০টি কারণ

ধর্ম ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন দেখেছেন
মানবজাতিকে আল্লাহ তাআলা সৃষ্টিজগতের মধ্যে বিশেষ সম্মান ও মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষকে শুধু জীবনধারণের উপকরণই দেওয়া হয়নি, বরং তাকে জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিন্তাশক্তি ও ভালো-মন্দ বিচার করার সক্ষমতাও দান করা হয়েছে। এসব গুণের মাধ্যমে মানুষ পৃথিবীতে নিজের জীবন পরিচালনা করতে পারে, সৃষ্টিজগতের কল্যাণ সাধন করতে পারে এবং স্রষ্টার ইবাদত ও আনুগত্যের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের সুযোগ পায়।
পবিত্র কোরআনে মানুষের এই বিশেষ মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি, তাদের উত্তম জীবিকা দান করেছি এবং আমার বহু সৃষ্টির ওপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি।’ (সুরা আল-ইসরা/বনি ইসরাঈল, আয়াত : ৭০)
এই আয়াতের মাধ্যমে মানুষের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ, সম্মান ও শ্রেষ্ঠত্বের বিষয়টি প্রকাশ পেয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মানুষের মর্যাদা ও সম্মানের যেসব দিক তুলে ধরা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ১০টি বিষয় হলো—
১. মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করা
আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর ও সুষম শারীরিক গঠনে সৃষ্টি করেছেন। মানুষের দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গকে দিয়েছেন বিশেষ বিন্যাস ও কার্যক্ষমতা। একই সঙ্গে চিন্তা, উপলব্ধি, বিবেক ও বুদ্ধির মতো অনন্য বৈশিষ্ট্য দিয়ে তাকে অন্যান্য সৃষ্টির তুলনায় স্বতন্ত্র করেছেন। মানুষের এই সুন্দর ও ভারসাম্যপূর্ণ সৃষ্টিগঠন আল্লাহর বিশেষ অনুগ্রহের অন্যতম নিদর্শন।
আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে।’ (সুরা আত-তিন, আয়াত : ৪)
২. মানুষের মধ্যে রুহ সঞ্চার এবং ফেরেশতাদের সিজদার নির্দেশ
মানুষের প্রতি আল্লাহর বিশেষ সম্মানের আরেকটি নিদর্শন হলো, তিনি আদম (আ.)-কে সৃষ্টি করে তাঁর মধ্যে রুহ সঞ্চার করেছেন এবং ফেরেশতাদের তাঁর সামনে সিজদা করার নির্দেশ দিয়েছেন। এই সিজদা ছিল আল্লাহর নির্দেশে আদম (আ.)-এর প্রতি সম্মান প্রদর্শন। এর মাধ্যমে মানবসৃষ্টির বিশেষ মর্যাদা ও গুরুত্ব প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর যখন আমি তাকে পূর্ণাঙ্গভাবে গঠন করব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রুহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যেয়ো।’ (সুরা আল-হিজর, আয়াত : ২৯)
৩. জ্ঞান, বিবেক ও বুদ্ধিমত্তা দান
মানুষের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হলো জ্ঞান, বিবেক ও বুদ্ধি। আল্লাহ তাআলা মানুষকে এমন চিন্তাশক্তি দিয়েছেন, যার সাহায্যে সে সত্য-মিথ্যা, ভালো-মন্দ এবং কল্যাণ-অকল্যাণের মধ্যে পার্থক্য করতে পারে। এই যোগ্যতার মাধ্যমেই মানুষ জ্ঞান অর্জন, গবেষণা ও আবিষ্কারের পাশাপাশি নিজের জীবনের সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়।
ইসলামের বিধান পালনের ক্ষেত্রেও বিবেক ও বুদ্ধির গুরুত্ব অপরিসীম। একজন সুস্থ বিবেকসম্পন্ন মানুষই শরিয়তের বিধান পালনের দায়িত্বপ্রাপ্ত হয়। পক্ষান্তরে বুদ্ধি-বিবেচনা হারিয়ে ফেললে তার ওপর সেই দায়িত্ব কার্যকর থাকে না।
আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না।’ (সুরা আল-বাকারাহ, আয়াত : ২৮৬)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির ওপর থেকে আমল লেখার কলম উঠিয়ে নেওয়া হয়েছে…পাগল ব্যক্তির ওপর থেকে, যতক্ষণ না সে সুস্থ হয়।’ (আবু দাউদ, হাদিস : ৪৪০৩)
মানুষকে জ্ঞান দানের সূচনাও হয়েছিল আদম (আ.)-এর মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনি আদমকে সব বস্তুর নাম শিক্ষা দিলেন।’ (সুরা আল-বাকারাহ, আয়াত : ৩১)
অর্থাৎ জ্ঞান ও বিবেকের নিয়ামত মানুষকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
৪. মনের ভাব প্রকাশের অসাধারণ ক্ষমতা প্রদান
মানুষকে আল্লাহ তাআলা কথা বলা, লেখা এবং নিজের চিন্তা ও অনুভূতি প্রকাশের বিশেষ যোগ্যতা দিয়েছেন। এই ক্ষমতার মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, অভিজ্ঞতা বিনিময় করে এবং জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও বিকাশ ঘটায়। ভাষা ও ভাব প্রকাশের এই সক্ষমতা মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত।
আল্লাহ তাআলা বলেন, ‘পরম করুণাময় আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন।’ (সুরা আর-রহমান, আয়াত : ১-৪)
৫. বিশ্বজগতের অসংখ্য সৃষ্টিকে মানুষের কল্যাণে নিয়োজিত করা
মানুষের জীবনযাপন সহজ ও কল্যাণকর করার জন্য আল্লাহ তাআলা পৃথিবী ও আকাশের অসংখ্য সৃষ্টিকে তার উপকারে নিয়োজিত করেছেন। সূর্য, চন্দ্র, নদী, সমুদ্র, পাহাড়, রাত, দিন, পশুপাখি ও প্রকৃতির বিভিন্ন উপাদান মানুষের জীবনধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব নিয়ামত মানুষের প্রয়োজন পূরণ এবং পৃথিবীতে বসবাসের উপযোগী পরিবেশ তৈরিতে সহায়তা করছে।
আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনি নিজ অনুগ্রহে আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, সবকিছু তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন।’ (সুরা আল-জাসিয়া, আয়াত : ১৩)
৬. বহু সৃষ্টির ওপর মানুষকে শ্রেষ্ঠত্ব প্রদান
আল্লাহ তাআলা মানুষকে তাঁর অসংখ্য সৃষ্টির মধ্যে বিশেষ মর্যাদা দিয়েছেন। জ্ঞান, বিবেক, উপলব্ধি, ইচ্ছাশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার মাধ্যমে মানুষকে অন্য অনেক সৃষ্টির তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যে ভূষিত করা হয়েছে। এই শ্রেষ্ঠত্ব মানুষের জন্য যেমন সম্মানের বিষয়, তেমনি এর যথাযথ ব্যবহার নিশ্চিত করাও তার দায়িত্ব।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ‘আর আমি তাদের আমার বহু সৃষ্টির ওপর বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছি।’ (সুরা আল-ইসরা, আয়াত : ৭০)
৭. হেদায়েতের জন্য নবী-রাসুল ও আসমানি কিতাব প্রেরণ
মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে সঠিক পথের দিশা ছাড়া ছেড়ে দেননি। বরং মানুষের কল্যাণ ও মুক্তির জন্য যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন এবং তাঁদের ওপর আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। এসব নবী-রাসুল মানুষকে আল্লাহর পরিচয়, ইবাদত, ন্যায়বিচার ও সৎকর্মের শিক্ষা দিয়েছেন। একই সঙ্গে সত্য ও মিথ্যার পার্থক্য তুলে ধরে সঠিক জীবনপথ অনুসরণের নির্দেশনা দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি আমার রাসুলদের সুস্পষ্ট প্রমাণাদিসহ পাঠিয়েছি এবং তাদের সঙ্গে কিতাব ও ন্যায়ের মানদণ্ড অবতীর্ণ করেছি, যাতে মানুষ ন্যায়বিচার প্রতিষ্ঠা করে।’ (সুরা আল-হাদিদ, আয়াত : ২৫)
৮. পোশাক ও শালীনতার মাধ্যমে মানুষের মর্যাদা রক্ষা
মানুষের সম্মান ও শালীনতা রক্ষার জন্য আল্লাহ তাআলা পোশাকের ব্যবস্থা করেছেন। পোশাক মানুষের শরীর আবৃত রাখার পাশাপাশি সৌন্দর্য, শালীনতা ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। মানুষের স্বভাবের মধ্যেও লজ্জাশীলতা ও শরীর আবৃত রাখার প্রবণতা সৃষ্টি করা হয়েছে।
আদম (আ.) ও হাওয়া (আ.) নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর তাঁদের লজ্জাস্থান প্রকাশিত হলে তাঁরা জান্নাতের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকার চেষ্টা করেছিলেন। এ ঘটনা মানুষের স্বভাবজাত লজ্জাশীলতা ও আবৃত থাকার প্রবণতার বিষয়টি তুলে ধরে।
আল্লাহ তাআলা বলেন, ‘আর তারা উভয়ে জান্নাতের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে লাগল।’ (সুরা আল-আরাফ, আয়াত : ২২)
৯. মৃত্যুর পরও মানুষের মর্যাদা অক্ষুণ্ন রাখা
মানুষের সম্মান শুধু জীবিত অবস্থার জন্য নির্ধারিত নয়; মৃত্যুর পরও তার মর্যাদা রক্ষার নির্দেশনা রয়েছে ইসলামে। একজন মৃত ব্যক্তির দেহের সম্মান রক্ষা, যথাযথভাবে গোসল দেওয়া, কাফন পরানো, জানাজা আদায় এবং দাফন সম্পন্ন করা মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একইভাবে কবরের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করাও সবার কর্তব্য।
মৃত ব্যক্তির দেহের প্রতি অসম্মান প্রদর্শন কিংবা কবরস্থানের পবিত্রতা নষ্ট করে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা প্রয়োজন। এর মাধ্যমে মৃত্যুর পরও মানুষের সম্মান অক্ষুণ্ন রাখার গুরুত্ব প্রতিফলিত হয়।
আল্লাহ তাআলা বলেন, ‘তিনি তাকে (মানুষকে) মৃত করেন এবং কবরস্থ করেন।’ (সুরা আবাসা, আয়াত : ২১)
১০. চিরস্থায়ী জান্নাত লাভের সুযোগ প্রদান
মানুষের জন্য আল্লাহর দেওয়া সর্বোচ্চ সম্মান ও অনুগ্রহগুলোর একটি হলো জান্নাত লাভের সুযোগ। ঈমান, সৎকর্ম, আল্লাহর আনুগত্য এবং তাঁর রহমতের মাধ্যমে মানুষ চিরস্থায়ী শান্তি ও অফুরন্ত নিয়ামতের আবাস জান্নাত অর্জন করতে পারে। সেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট কিংবা মৃত্যুর ভয়। বরং মুমিনরা আল্লাহর সন্তুষ্টি ও তাঁর দিদার লাভের সৌভাগ্য অর্জন করবে।
আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস।’ (সুরা আল-কাহফ, আয়াত : ১০৭)
এভাবে আল্লাহ তাআলা মানুষকে এমন মর্যাদাপূর্ণ সৃষ্টি হিসেবে গড়ে তুলেছেন, যার সামনে রয়েছে ইহকাল ও পরকালে সফলতা অর্জনের সুযোগ। ঈমান, নেক আমল, তাওবা ও আল্লাহর রহমত লাভের মাধ্যমে মানুষ জান্নাতের অধিবাসী হতে পারে। তাই মানুষের প্রকৃত মর্যাদা কেবল তার শারীরিক গঠন কিংবা পার্থিব যোগ্যতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আল্লাহর দেওয়া নিয়ামতের যথাযথ ব্যবহার, সৎ জীবনযাপন এবং তাঁর নির্দেশিত পথে চলার মধ্যেই নিহিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )