


‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যে রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম ইফতেফারুল ইসলাম, কৃষি কর্মকর্তা ধীবা রাণী রায়, শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল জলিল, জনস্বাস্থ্য প্রকৌশলী নাসির ইকবাল, তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক, বিভিন্ন কর্মকর্তা কর্মচারি প্রমুখ। অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় তারাগঞ্জ উপজেলায় বিভিন্নক্ষেত্রে অবদান রাখায় নারীদের জয়িতা পদক দেওয়া হয়।