


জন্ম নিবন্ধনে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে পঞ্চগড় জেলা। এ উপলক্ষ্যে ফুলেল সংবর্ধনায় সংবর্ধিত করা জন্ম নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এসময় জেলা প্রশাসক মো. সাবেত আলী সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের হাতে একটি করে রজনীগন্ধা ফুল তুলে দেন।
জানা গেছে, চলতি বছরের গত ৫ আগষ্টের আগে জন্ম নিবন্ধনে পঞ্চগড় জেলা ৬৩ তম অবস্থানে ছিল। তবে জুলাই বিপ্লবের পর নতুন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কাজের গতি বেড়ে যায়। ১২ সেপ্টেম্বর পঞ্চগড়ে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন সাবেত আলী। জেলায় নতুন করে জন্ম নিবন্ধন, পর্যটন খাত, জেলা শহরের যানযট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নানা পরিকল্পনা করে জেলাকে ঢেলে সাজাতে শুরু করেন। এভাবে একের পর এক সফলতা আসতে শুরু করে জেলায়। চলতি বছরের সেপ্টেম্বরে জন্ম নিবন্ধনে পঞ্চগড় জেলা ৩০ তম , অক্টোবরে ১৮ তম এবং নভেম্বর মাসের শেষে দেশে রেকর্ড অর্জন করে এই জেলা প্রথম স্থান অধিকার করে। ভোগান্তির কারণে আগে অনেকে জন্মনিবন্ধন সনদ তুলতে আগ্রহী হতোনা। এখন ভোগান্তি কমেছে, বেড়েছে সেবার মান। কাজে ফিরে প্রাণ চাঞ্চল্যতা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণ, জেলার ৪৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সহ হিসাব সহকারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, জন্মনিবন্ধনে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। সকলের সহায়তা পেলে জেলার প্রতিটি সেবা খাতে আমূল পরিবর্তন আনা সম্ভব। জনগণের দোরগড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে জেলা প্রশাসন। এই কাজে জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় পঞ্চগড় জেলা প্রতিটি সেবা খাতে প্রথম স্থান অধিকার করবে বলে আমার বিশ্বাস।