


সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ পালিত হয়েছে। রোববার (২ মার্চ) দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” শ্লোগানকে সামনে রেখে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর- ই-আলম সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. গোলাম মুনতাকিম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বিএনপির নেতা শামসুল আলম, এম এম পারভেজ লিটন প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ সড়ক, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তার কর্মচারীরা অংশ নেন।