
ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘণ্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি স্থানে মোট ২৭টি ঘর পুড়ে গেছে। সদর, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলায় এসব অগ্নিকাণ্ড ঘটে, যেখানে বহু পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। আগুনে বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে গেছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, বেশিরভাগ অগ্নিকাণ্ডের সূত্রপাত রান্নার চুলা বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে। এছাড়া, শুষ্ক মৌসুমের তীব্র বাতাস ও ঘনবসতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ লাখ ৪৫ হাজার টাকা হলেও ফায়ার সার্ভিস সময়মতো এসে ২০ লাখ ৫০ হাজার টাকার সম্পদ রক্ষা করেছে বলে জানা গেছে।
এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আরাজী পস্তমপুর এলাকার পরিবার। সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় ২১টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের একজন, মো. সাইদুল ইসলাম বলেন,
“আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আমরা কিছুই বাঁচাতে পারিনি। ঘরের ভেতরে থাকা কাপড়চোপড়, ফার্নিচার, গবাদিপশুর খড়—সব পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় যাব, কী খাব, তা নিয়েই দুশ্চিন্তায় আছি।”
রোকেয়া বেগম নামের আরেকজন বলেন, “ঘর পুড়ে যাওয়ার পর এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। সরকারের কাছে অনুরোধ, আমাদের যেন দ্রুত সাহায্য দেওয়া হয়।” ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ শাহিদুল ইসলাম বলেন,
“আমাদের ধারণা, রান্নার চুলার আগুন থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। বাতাসের কারণে আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।” স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুল হক বলেন,
“এলাকাবাসী প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেছিল, কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে তা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে বহু ঘর পুড়ে গেছে।”
গত ২৪ ঘণ্টায় শুধু আরাজী পস্তমপুরই নয়, জেলার বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে আরও ছয়টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে ৭ টি স্থানে আগুন লেগে ২৭টি ঘর পুড়ে গেছে। বালিয়াডাঙ্গীর ঘটনার এক প্রত্যক্ষদর্শী হাসান আলী বলেন,
“আমাদের বাড়ির পাশেই আগুন লাগে। প্রথমে রান্নাঘর থেকে ধোঁয়া উঠতে দেখি, এরপর হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে পুরো ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে।” ফায়ার সার্ভিস জানায়, শুষ্ক মৌসুমে আগুন লাগার প্রবণতা বেশি থাকে। গরম ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এই সময়ে রান্নার চুলা ও বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খায়রুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন,
“আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করছি। তাৎক্ষণিক আজকে তাদের জন্য শুকনো খাবার কম্বল সহ আনুষঙ্গিক জিনিস দেওয়া হয়েছে।খুব শিগগিরই তাদের জন্য ত্রাণ সহায়তা দেওয়া হবে।”
এছাড়া, জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে কাজ করছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জন্য টিন, নগদ অর্থ ও খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস সাধারণ জনগণকে কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে ,রান্নার পর চুলা ও গ্যাস লাইন ভালোভাবে বন্ধ করতে হবে।বৈদ্যুতিক সংযোগ ও তারের অবস্থা নিয়মিত পরীক্ষা করা জরুরি।
Related