


দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিচারহীনতা এবং শিশু ধর্ষণের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী ওই মানববন্ধন চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো.আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা মহিলা দলের সহ- সভাপতি সকিনা খাতুন ও হামিদা বেগম, সাধারণ সম্পাদক রূপা হুসাইন, সাংগঠনিক সম্পাদক শবনম বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সারাদেশে ধর্ষণ, নির্যাতন এবং চুরি-ছিনতাইসহ অনাকাক্সিক্ষত ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এ সবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এখন থেকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে। তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে কঠোর হতে হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশের প্রতিটি পাড়া মহল্লায় সামাজিক নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বক্তারা বলেন, যারাই ধর্ষণের সাথে জড়িত থাকবে তাদের দ্রুত আইনের আওতায় এনে তড়িৎ বিচারের ব্যবস্থা করতে হবে। বক্তারা বলেন, কেউ যাতে কোন অন্যায় অপকর্ম করে পার না পায় সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করা হবে বলে বক্তারা উল্লেখ করেন।
এর আগে সংগঠনটি সর্বস্তরের নেতা কর্মীদের অংশগ্রহণে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর মহিলা দলের সকলস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।