
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নসিমন ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহিন ইসলাম (১৪) নামে এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ডাঙ্গা পাড়া এলাকায় আলম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেবীগঞ্জ-নীলসাগর আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত শাহিন ইসলাম উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সরকারপাড়া এলাকার শাহিবুল ইসলামের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বৃষ্টির মাঝেও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আইসক্রিম বিক্রি করছিলেন শাহিন। পরে তিনি উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ডাঙ্গা পাড়া এলাকায় দেবীগঞ্জ-নীলসাগর আঞ্চলিক সড়কে আলম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় শাহিনের ব্যাটারি চালিত আইসক্রিম ভ্যানের। এসময় সড়কে ছিটকে পড়েন তিনি। দূর্ঘটনায় মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে শাহিনের। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তুলসি রাণী মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরপরই ঘাতক নসিমনটি স্থানীয়দের সহযোগিতায় জব্দ সহ চালককে আটক করেছে পুলিশ।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার রায় নসিমন ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আইসক্রিম বিক্রেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ এখনো দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related