


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের মাত্র সাত দিনের মাথায় দুলাভাইয়ের সঙ্গে শ্যালিকা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, নববধূর সঙ্গে শ্বশুরবাড়ি থেকে উপহার হিসেবে দেওয়া প্রায় ৩ ভরি স্বর্ণও নিয়ে গেছেন বলে অভিযোগ পরিবারের। এই ঘটনাকে কেন্দ্র করে বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল থানায় পৃথক দুটি জিডি ও অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
ঘটনাটি ঘটেছে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামে। পালানো শ্যালিকার নাম তানিয়া আফরিন। তার বাড়ি রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের টাংঙ্গাগজের গ্রামে। পলাতক দুলাভাইয়ের নাম রাজু, যার বাড়ি নেংটিহারা গ্রামেই। রাজুর বোনের সঙ্গেই তানিয়ার বিয়ে হয়েছিল। আশ্চর্যজনকভাবে, তানিয়ার শ্বশুরবাড়িও রাজুর বাড়ির পাশেই।
জানা গেছে, গত ১৩ জুন তানিয়া আফরিনের স্বামী ঈদের ছুটি শেষে ঢাকায় চলে যান। এর মাত্র সাত ঘণ্টার মাথায় গভীর রাতে তানিয়া তার দুলাভাই রাজুর সঙ্গে পালিয়ে যান।
পরিবার সূত্রে জানা যায়, কোনো যৌতুক ছাড়াই ভানোরের এক যুবকের সঙ্গে তানিয়ার বিয়ে হয়েছিল। বিয়ের দিনই দেনমোহরের পুরো টাকা পরিশোধ করা হয়। বিয়ের পর তানিয়া সাত দিন ধরে স্বামীর সঙ্গে সংসার করেছেন এবং শ্বশুরবাড়িতে বেড়াতেও গিয়েছিলেন।
এদিকে, দুলাভাই রাজুর পূর্বের দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। এই ঘটনার পর ভানোর ইউনিয়ন নতুন করে আলোচনায় এসেছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, “আমরা এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি এবং বিষয়টি খতিয়ে দেখছি।”