


সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনি সমাবেশ করলো বাংলাদেশ জামায়াতে ইসলামি জলঢাকা উপজেলা শাখা। উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দুই সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বী এই সমাবেশে অংশগ্রহণ করেন।
শুক্রবার সমাবেশে ১০ জন হিন্দু নেতা বক্তব্য প্রদান করেন। হিন্দু নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এতদিন হিন্দুদেরকে একটি বিশেষ দলের দিকে ঠেলে দিয়ে পক্ষ বানিয়ে রাখা হয়েছিল। হিন্দুরা যে কারো হাতের পুতুল কিংবা পকেটের ভোট নয় তা এই সমাবেশে উপস্থিতিই প্রমাণ করে দিয়েছে। তারা বলেন, জামায়াতও এতদিন হিন্দুদেরকে কাছে টানার পরিবর্তে দূরে রাখার নীতি অবলম্বন করেছিল। তারা সকলে এই মানসিকতার পরিবর্তনের আহ্বান জানান।
হিন্দু নেতা রামানুষ রায় বলেন, বিগত সরকারের আমলেও হিন্দুদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। সারাদেশে মুসলমানদের জন্যে অনেক মডেল মসজিদ নির্মাণ করা হলেও হিন্দুদের জন্যে কোনো মডেল মন্দির নির্মাণ করা হয় নাই। তিনি বলেন, হিন্দুরা বিভিন্ন সময় সাইবার বুলিং ও ক্রাইমের শিকার হচ্ছেন। হিন্দু যুবকের নামে ফেসবুকে ফেইক আইডি খুলে অসত্য তথ্য ছড়িয়ে হিন্দুদেরকে জব্দ করা হয়। তিনি বিপদে আপদে সবসময় হিন্দুদের পাশে থাকতে জামায়াতের প্রতি আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি নীলফামারী- ৩ (জলঢাকা) আসনে জামাত মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি ছাড়াও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান জুয়েল, কর্ম পরিষদ সদস্য সাদের হোসেন সহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।