


নেদাউল কুরআন বাংলাদেশ আয়োজিত রংপুর বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব শেষ হয়েছে। শনিবার সৈয়দপুর শহরের সরদার কনভেনশন সেন্টারে ফালাক ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বের এই প্রতিযোগিতায় দুটি গ্রুপে ৩৬ জন প্রতিযোগী অংশ নেয়।
৫ পারা গ্রুপের নির্বাচিতরা হলেন, রংপুর সদরের আইনুল উলূম মাদ্রাসার মো. সালমান ফারাবী আবির প্রথম স্থান, দিনাজপুর সদরের মারকাযুল কুরআন আল ইসলামীয়া মাদ্রাসার মো. আল মুয়াজ দ্বিতীয় ও রংপুর সদরের নিশবেতগঞ্জ হিফজুল কুরআন মাদ্রাসার মো. আবদুল্লাহ তৃতীয়। আর ১০ পারা গ্রুপের নির্বাচিতরা হচ্ছে দিনাজপুর সদরের মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনালের জুনায়েদ ইসলাম প্রথম, চিরিরবন্দরের আল-কলম ইউনিভার্সাল মাদরাসার আশিকুর জামান আরিফ দ্বিতীয় ও সৈয়দপুরের আল আকসা পারুল হিফজ মাদ্রাসার সোহাগ ইসলাম তৃতীয় স্থান লাভ করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মোহাম্মদ ইউনুস।
সৈয়দপুর জামেয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফালাক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, নেদাউল কুরআন বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি রেজাউল করিম।
চুড়ান্ত পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা, সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। ৫ পারা ও ১০ পারা নামে দুটি গ্রুপের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান হিসেবে ছয়জনকে নির্বাচন করা হয়। নির্বাচিতদের মাঝে সনদ, ক্রেস্ট ও নগদ এক লাখ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগিদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সদস্য ও নেদাউল কুরআন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী হোসাইন আহমাদ রফিকী জানান, উপজেলা থেকে জেলা পর্যায়ে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে সেমিফাইনাল শেষে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।