


নীলফামারীতে শাপলা আকতার(২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবার পরিকল্পিত হত্যা দাবী করলেও স্বামী বলছেন পারিবারিক কোলহে বিষপানে আত্মহত্যা করেছে স্ত্রী শাপলা। শাপলা নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের দুহুলী পূর্বপাড়া এলাকার অলিয়ার রহমানের মেয়ে।
সাত বছর পুর্বে একই ইউনিয়নের মাঝাপাড়া এলাকার গুলজার রহমানের ছেলে মোরসালিন ইসলামের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় শাপলার। দাম্পত্য জীবনে চার বছরের একটি মেয়ে রয়েছে তাদের। নিহতের পরিবার সুত্র জানায়, রবিবার (১৯এপ্রিল) সকালে শাপলা মায়ের কাছে ফোন করে জানান যে তাকে মারধোর করা হয়েছে তিনি খুবই অসুস্থ্য। দ্রুত হাসপাতালে নেয়া হবে। পরে বিষপানে মারা যাওয়ার খবর পাওয়া যায়।
হাসপাতালে মৃতদেহ রেখে পালিয়ে যায় স্বামী মোরসালিন। নিহতের চাচাতো ভাই আশিকুল ইসলাম জানান, আমার বোনকে দীর্ঘদিন ধরে মারধোর করতো তার স্বামী মোরসালিন ইসলাম। এনিয়ে একাধিকবার শালিসও হয়েছে কিন্তু ছোট একটি মেয়ের কথা চিন্তা করে শাপলা সংসার টিকিয়ে রাখতে চেয়েছিলো।
শাপলার মা মিনা বেগম জানান, সকালে মেয়ে ফোন দিয়েছিলো। তখন চিৎকার শুনেছি। সে বলছিল হাসপাতাল যাচ্ছে। পরে জামাই ফোন করে জানায় আমার মেয়ে আর নেই। তবে স্বামী মোরসালিন ইসলাম বলেন, আমরা দু’জনই উত্তরা ইপিজেডে চাকুরী করি। বাড়িতে সুবিধা না থাকায় আমার স্ত্রী ভাড়া বাসায় থাকতে চাইছিলো। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আগে থেকে রাখা কীটনাশক পান করে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। বিকেলে ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
এদিকে রাত আটটার দিকে শাপলার বাবার বাড়ি দুুহুলী পুর্বপাড়া এলাকায় জানাযা শেষে তাকে দাফন করা হয়।