


নীলফামারীর ডোমারে একটি আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় যৌথভাবে অভিযান পরিচালনা করে। চিকনমাটি এশিয়ান হাইওয়ে এলাকায় অবস্থিত সুবহানা সুপার আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম। অননুমোদিত ঘন চিনি, অননুমোদিত রঙ, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় এই জরিমানা করা হয়।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর অজয় রায়, ডোমার থানার উপ-সহকারী পরিদর্শক আব্দুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, ওই ফ্যাক্টরীর মালিক হুমাউন কবির। তাৎক্ষনিক ভাবে তিনি জরিমানার টাকা পরিশোধ করেন। শামসুল ইসলাম জানান, ফ্যাক্টরীর উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই সময়ের মধ্যে ফ্যাক্টরীর মালিক যাবতীয় অসঙ্গতি দুর করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।