


নীলফামারীর সৈয়দপুরে চার দিনব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা- ২০২৬ এর দ্বিতীয় দিনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় “লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নয়ন নীতিমালা -২০২২” বাণিজ্য প্রতিযোগিতার ওপর এর প্রভাব শীর্ষক ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সৈয়দপুর রেলওয়ে পুলিশ ক্লাব (জিআরপি) মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যৌথ উদ্যোগে চার দিনব্যাপী ওই মেলার আয়োজন করা হয়েছে। আর বাংলাদেশ ইঞ্জিরিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা এই মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে।
গতকালের আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির টেকনিক্যাল উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের (এলইপিবিপিসি) উপ-পরিচালক এস, এম, আনোয়ার হোসেন।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এম আর আলম ঝন্টু ও অর্থ মন্ত্রণালয়ের বাইওয়া-সিসিপ প্রকল্পের মো. মোশাররফ হোসেন মীর প্রমুখ। অর্থ মন্ত্রণালয়ের বাইওয়া-সিসিপ প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আইয়ুব আলী সরকারের সঞ্চালনায় সেমিনারে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার ৪০ জন সদস্য অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, গত ৯ মে (শনিবার) থেকে নীলফামারীর সৈয়দপুরে চার দিনব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা- ২০২৬ শুরু হয়েছে। ওই দিন দিনাজপুর- ৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সদস্য মো. আমজাদ হোসেন টিটু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও পোদ্দার এগ্রো ইন্ডাস্ট্রি এর ম্যনেজিং ডাইরেক্টর রাজ কুমার পোদ্দার প্রমুখ। পরে প্রধান অতিথি সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াসহ অন্যান্য অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন দুলালসহ সংগঠনের অন্যান্য সদস্য শিল্প মালিকরা উপস্থিত ছিলেন।
আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চার দিনব্যাপী মেলার দ্বিতীয় দিনে গতকাল রোববার ছিল “লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নয়ন নীতিমালা-২০২২” বাণিজ্য প্রতিযোগিতার ওপর এর প্রভাব শীর্ষক সেমিনার। আজ সোমবার (১১ মে) তৃতীয় দিনে স্টল মার্কিং এবং আগামীকাল বুধবার (১২ মে) মেলার চতুর্থ দিনে রয়েছে সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চার দিনব্যাপী মেলার ৩৮ টি স্টল স্থান রয়েছে। এ সব স্টলে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি স্থান পেয়েছে।