


দুই দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসুচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার উদ্যোগে। রবিবার দুপুরে নীলফামারী প্রধান ডাকঘর প্রাঙ্গণে এই অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত হয়। জেলা শাখা ডাকঘর কর্মচারী সমিতির সভাপতি জিকরুল হকের সভাপতিত্বে অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হোসাইন মো. সেলিম রেজা।
জেলা কমিটির সাধারণ সম্পাদক জামিল আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোষাধ্যক্ষ আনিসুর রহমান।
বক্তারা উল্লেখ করেন তিন গুণ বেতন ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবীতে সারাদেশে একযোগে এই কর্মসুচি চলছে। দাবী বাস্তবায়নে কলম বিরতি, স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ঢাকায় ধর্মঘট পালন করা হয়েছে। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জামিল আহমেদ বলেন, বর্তমান সরকার বৈষম্য নিরসনে কাজ করছে অথচ ডাক বিভাগে এখোনো বৈষম্য রয়েছে। আমরা বৈষম্যের শিকার। ৩-৪ হাজার টাকা আমরা সম্মানি পাই। এই সময়ে এই অর্থ দিয়ে সংসার চালানো কি সম্ভব ? আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের দাবী মেনে নিয়ে বেঁচে থাকার পথ সুগম করে দিক।
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি হোসাইন মো. সেলিম রেজা বলেন, দুই দফা দাবী বাস্তবায়নে আগামীকাল সোমবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ধর্মঘট। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে। বলেন, আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথ ভাবে পালন করছি আমরা কিন্তু হচ্ছি উপেক্ষিত। জেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মীরা কর্মসুচিতে অংশ নেন।