


পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বুধবার সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা। উদ্বোধনের পর তিনি উপস্থিত অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং ইনস্টিটিউট (ইউপিটিআই)-এর ইনস্ট্রাক্টর মো. রইসুল ইসলাম প্রামাণিক, দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি শিক্ষার্থীদের গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান, শিক্ষার পরিবেশ ও তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য স্থানের মতো দেবীগঞ্জ উপজেলাতেও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণে স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে।