


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নদী ও ডোবার পানি থেকে শিশুসহ দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার ইদিলপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার নলেয়া নদী ও চান্দের বাজার এলাকার ডোবা থেকে এসব মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান (ঝাউলার বাজার) নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ইউনুস আলী (৪৫) দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের মোজাম্মেল মন্ডলের রিয়াজুল মন্ডল (১১)। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের দিকে ইউনুস আলী নলেয়া নদীতে মাছ ধরতে যান।
এরপর বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে শুক্রবার তারা এসে নদীতে নেমে উদ্ধার তৎপরতা চালায়। এরই মধ্যে ইউনুস আলীর মরদেহ নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদিকে বৃহস্পতিবার রিয়াজুল ইসলামের মা তার ছেলের প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলনের জন্য স্থানীয় চান্দের বাজার বিকাশের দোকানে টাকা তুলতে যান। এরপর বাড়িতে ফিরে রিয়াজুলকে না পেয়ে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। এরই একপর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ডোবার পানিতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেছে।
এ বিষয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, উত্তর ভাঙ্গামোড় এলাকায় পানি পড়ে এক শিশুর মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরণের ঘটনা খুবই বেদনাদায়ক। সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, নদীতে নিখোঁজ ঘটনার খবর পেয়ে ডুবুরি দলের সহায়তায় ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।