


রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের ফুটপাতের ওপর গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানের নের্তৃত্ব দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় ফুটপাত দখল করে নির্মাণ করা দোকান ঘর সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুটপাত দখল করে থাকা দোকানঘর ও অন্যান্য স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের ইতিপূর্বে প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুধবার অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের ফলে উপজেলা সদরের ফুটপাত গুলো পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারী ও সচেতন নাগরিকরা।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, জনসাধারণের চলাচলের পথ দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। ফুটপাত দখল করে নতুন করে স্থাপনা নির্মাণ করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।