


নীলফামারীর সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রফিকুল ইসলামকে দায়িত্বভার দেয়া হয়েছে। তিনি বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন। তাঁর দায়িত্বভার গ্রহন উপলক্ষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেটএস এম ওবায়দুর রহমান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, বিএনপি নেতা সাইদুল ইসলাম বাবলু, জামায়াতে ইসলামী বাঙ্গালীপুর ইউনিয়ন শাখার আমীর মো. জয়নাল আবেদীন, বিএনপি বাঙ্গালীপুর ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল করিম খান, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ডা. মো. সাবেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বাঙ্গালীপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আহসান হাবীব, বিএনপি নেতা আলমগীর হোসেন, ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনিছুর রহমান, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সুধীজনসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র -জনতার গণঅভূত্থানের পর নীলফামারীর সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার গা ঢাকা দেন। তাঁর অনুপস্থিতিরি কারণে ইউনিয়ন পরিষদেও সার্বিক কার্যক্রম পরিচালনায় অচলাবস্থা দেখা দেয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মো. রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।