


নীলফামারীর সৈয়দপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে অবস্থিত শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের ২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। বসুন্ধরা শুভ সংঘ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখা ওই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ।
বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপর উপজেলা শাখার সভাপতি মো. নাছিম রেজা শাহ্ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, কালের কন্ঠ পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু।
শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ বলেন, বসুন্ধরা শুভ সংঘ সব সময় দেশের হতদরিদ্র্য, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায় এবং নানা ধরনের সহায়তা প্রদান করে থাকেন।
মানবিক কাজে তাদের কর্মসূচি প্রশংসনীয়। শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য কর্মকান্ড। তিনি এ ধরণের কর্মসূচি সমাজের অসহায় দুঃস্থ পরিবারের সন্তানদের লেখাপড়ায় আরো উৎসাহিত করবে বলে জানান। তিনি আরো বড় পরিসরে মানবতার কাজে বসুন্ধরা শুভ সংঘকে এগিয়ে আসার আহবান জানান।’
এ সময় বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা, সদস্য আমির হোসেন, মাসুদ পারভেজ, মো. রুবেল, নাজমুল, রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত শিক্ষা উপকরণ সামগ্রী মধ্যে রয়েছে খাতা, কলম, স্কেল, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার প্রভৃতি।