
রংপুরের মিঠাপুকুরে মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অকলেই ঝরে গেছে শাহাদাত হোসেন সাদা (৫০) নামে এক কৃষকের প্রাণ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম হতে মাঠেরহাটগামী এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত শাহাদাত হোসেন সাদা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুহিয়া বানিনাথপুর গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু বক্কর সিদ্দিক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত কৃষক শাহাদত হোসেন সাদা সকালে কৃষিকাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম হতে মাঠেরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলেই কৃষক শাহাদাত হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় একটি ব্যাটারীচালিত অটোভ্যানও ওই ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটকে দিলে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক সকালের বাণীকে জানান, বর্তমানে নিহতের মরদেহ মিঠাপুকুর থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related