


রংপুরের কাউনিয়া উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ ও শারীরিক-মানসিক বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ কর্মসূচির রেজিস্ট্রেশন জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার সকল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরে ব্যাপক প্রচার-প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, কাউনিয়া উপজেলা প্রশাসন শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে কাজ শুরু করেছে। জানা গেছে, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর আওতায় মোট ১০টি ইভেন্টে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
গত ১ জুলাই থেকে এই অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চালু রয়েছে। এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, “শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। উপজেলার প্রতিটি প্রান্তিক এলাকা থেকে উদীয়মান ক্রীড়াবিদদের মূলধারায় নিয়ে আসতে আমরা কাজ করছি। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, স্থানীয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার কিংবা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় শিশু-কিশোররা খুব সহজেই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।